কুমিল্লার জমিনে সংবাদ প্রকাশের পর তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন জেলা প্রশাসক

কোটিপতি পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় বদলি
হৃদয় হাসান।।
প্রকাশ: ১ মাস আগে

আজ সোমবার (২৭ অক্টোবর২০২৫)  পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কুমিল্লার জমিন এর প্রথম পাতায় ‘চান্দিনায় পৌর ভূমি অফিসের কোটিপতি পিয়ন শরীফুলকে প্রশ্ন করতেই সাংবাদিককে বাবা ডেকে বসলেন’ আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমার ক্ষতি কইরেন না, আমি আপনার পায়ে পড়ি’শীর্ষক শিরোনামে ৫ কলামে লিড একটি  সংবাদ ছাপা হয়েছে। সংবাদটি  দৃষ্টিগোচর হওয়ার পর কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার তাৎক্ষনিক কোটিপতি পিয়ন শরীফুলকে চান্দিনা থেকে মেঘনা উপজেলার সোনারচর ভূমি অফিসে  বদলী করার নির্দেশ দেন।

পরে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. শহিদুল ইসলাম নম্বর ০৫.৪২.১৯০০.০১৬.৩২.০০৩.১৯-১২৫৯,তারিখ ২৭ অক্টোবর ২০২৫  স্বাক্ষরিত স্মারকে তাকে চান্দিনা পৌর এলাকা ভূমি অফিস থেকে মেঘনা উপজেলার সোনারচর ভূমি অফিসে বদলি করেন।

এ বিষয়ে জানতে চাইলে দূর্নীতি প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, কুমিল্লার জমিনে সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে সেটি দেখে জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষনিক তাকে শাস্তিমূলক বদলি করে প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্য দূর্নীতিবাজরাও কিছুটা সতর্কূ হবে। এজন্য জেলা প্রশাসক সাহেবকে ধন্যবাদ জানাই। কিন্তু শুধু বদলি করলে হবে না। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে।

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার কুমিল্লার জমিনকে বলেন, অভিযোগের কারণে এখন তাকে তাৎক্ষনিক বদলী করা হলো। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।