টি-টোয়েন্টি দলে ফিরলেন অধিনায়ক লিটন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

চোটের কারণে সেই এশিয়া কাপ থেকে দলের বাইরে ছিলেন লিটন দাস। তবে তিনি এবার দলে ফিরলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরে এসেছেন তিনি।

লিটন দাস গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। পাঁজরে পাওয়া চোটকে তখন হালকা মনে হলেও আদতে তা ছিল না। সে কারণে এশিয়া কাপে নিজেদের শেষ ২ ম্যাচে তাকে পায়নি বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছিলেন জাকের আলী অনিক।

এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পায়নি বাংলাদেশ। জাকেরের অধিনায়কত্বে অবশ্য সে সিরিজটাও ৩-০ ব্যবধানে জিতেছিল দল।

অবশেষে লিটন সে চোট কাটিয়ে ফিরেছেন। গতকাল তিনি ফিরেছেন অনুশীলনে। আজ বৃহস্পতিবার তিনি চলে গেছেন চট্টগ্রামেও।

তবে তাকে জায়গা করে দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফউদ্দীন। তিনি আফগানিস্তান সিরিজে কোনো ম্যাচ খেলতে পারেননি। সৌম্য সরকার স্কোয়াডে ছিলেন বটে, কিন্তু ভিসা জটিলতায় তিনি দলের সঙ্গেই যোগ দিতে পারেননি। তাকেও এবারের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।

বাংলাদেশ স্কোয়াড–
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।