তারুণ্যের অংশগ্রহণে জেন-জি ৩৫০০ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত 

জাহিদ হাসান নাইম
প্রকাশ: ৯ মাস আগে

 

 

তরুণদের মেধা, মনন ও শারীরিক সক্ষমতার বিকাশে আদর্শ সদর উপজেলার সবগুলো ইউনিয়ন নিয়ে অনুষ্ঠিত হলো ‘জেন-জি ৩৫০০ ফুটবল টুর্নামেন্ট সিজন-১’। তরুণ সংগঠন ‘জেন-জি ৩৫০০’–এর উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় বুধবার (২৬ জুন) সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার একটি মাঠে।

 

এ দিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় উত্তর দুর্গাপুর ইউনিয়ন বনাম পাঁচথুবী ইউনিয়ন। প্রথমার্ধে উত্তেজনাপূর্ণ খেলায় উত্তর দুর্গাপুর ইউনিয়ন এগিয়ে যায় ১-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে রণকৌশল বদলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পাঁচথুবী ইউনিয়ন। একের পর এক আক্রমণে তারা প্রতিপক্ষের জালে বল জড়ায় পাঁচবার। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচথুবী ইউনিয়নের তরুণরা।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “আজকের এই আয়োজন প্রমাণ করে তরুণরা চাইলে অনেক কিছু বদলে দিতে পারে। জেন-জি ৩৫০০ সংগঠনের এ আয়োজন শুধু একটি খেলাধুলার আয়োজন নয়—এটা একটি সামাজিক বার্তা। তরুণরা মাঠে নামছে, সৃজনশীল কাজ করছে, সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করছে—এটাই আমাদের ভবিষ্যতের আশা।”

 

তিনি আরও বলেন, “আমি জেন-জি ৩৫০০’র পরিচালক কাউসার হোসেন ও তার দলকে এই অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এমন উদ্যোগগুলো একদিন আদর্শ সদরসহ গোটা কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

 

আয়োজক সংগঠন সম্পর্কে তিনি বলেন, “জেন-জি ৩৫০০ হচ্ছে শিক্ষিত, সচেতন ও কর্মঠ তরুণদের একটি প্ল্যাটফর্ম। আমরা চাই, তারা শুধু খেলাধুলা নয়, সমাজসেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। তারা যেন মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করে—সেই প্রত্যাশাই আমরা রাখি।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, বিএনপি নেতা শফিউল আলম রায়হান, বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন এবং আয়োজক সংগঠন জেন-জি ৩৫০০–এর পরিচালক কাউসার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও এলাকার তরুণ সমাজ।

 

আয়োজক সূত্র জানায়, পুরো আদর্শ সদর উপজেলার ইউনিয়নভিত্তিক ফুটবল দলগুলোকে একত্র করে এই প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে সংহত করা, মাদক ও অপসংস্কৃতির বাইরে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা। আয়োজন সফল করতে স্থানীয় বাসিন্দারা ব্যাপক সহযোগিতা করেন।

 

উল্লেখ্য, ‘জেন-জি ৩৫০০’ ইতোমধ্যে কুমিল্লা অঞ্চলে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে। তাদের এমন ধারাবাহিক আয়োজন ভবিষ্যতেও আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।