নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৫ যুবককে ভ্যান উপহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মাদারীপুরের কালকিনিতে নিয়মিত রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫ জন বেকার যুবক ভ্যান উপহার পেয়েছেন।

উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার ইঞ্জিনচালিত ৫টি ভ্যানের চাবি ও কাগজপত্র ওই ৫ যুবকের হাতে তুলে দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এক পরিবার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দুবাই প্লাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ৫ বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনচালিত ভ্যান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মস্তফা বেপারী, এক পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার, মাওলানা হাবিবুর রহমান, শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।