ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে সৌম্য সরকারের ব্যাট যেন কথা বলেছিল, এবার কথা বলছে র্যাঙ্কিং। সেই ইনিংসের পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন হালনাগাদে। এক লাফে ২৪ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এখন সৌম্য ৬২ নম্বরে।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ে মুখ্য ভূমিকা ছিল তার ব্যাটে। ৮৬ বলে ৯১ রানের ইনিংস শুধু দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়নি, বরং ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসের রঙও। সিরিজ জয়ের সেই ম্যাচেই বল হাতে জ্বলে ওঠেন নাসুম আহমেদ। ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট-র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে তিনি এখন ৪৭ নম্বরে। একই ম্যাচে তিন উইকেট নেওয়া রিশাদ হোসেনও উঠেছেন ৬২ নম্বরে।
নীরবে নিজের জায়গা করে নিচ্ছেন তানভির ইসলামও। সিরিজের শেষ ম্যাচে দুটি উইকেট নিয়ে তিনি ২৭ ধাপ এগিয়ে এখন যৌথভাবে আছেন ৬৮তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে অবশ্য এখনো সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ-১৭ নম্বরে অপরিবর্তিত। অলরাউন্ডারদের তালিকায়ও আগের মতোই তিনি চার নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সেরা অবস্থান তৌহিদ হৃদয়ের। ধারাবাহিক পারফরম্যান্সে ৩৫ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্ত এখন ৪২ নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৪ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে গেছেন ৪৪ নম্বরে।
চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সও যুক্ত হয়েছে এই হালনাগাদে। ২৫ বলে ২৮ রান করে তৌহিদ হৃদয় দুই ধাপ এগিয়েছেন, এখন ৪৩ নম্বরে। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে সাইফ হাসান-২০তম স্থানে, যদিও দুই ধাপ পিছিয়েছেন।
টি-টোয়েন্টিতে ভালো সময় কাটছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের। অপরাজিত ৪৬ রানের ইনিংসে দলকে জেতানোর পর তিনি এক ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে। ব্র্যান্ডন কিং ও রভম্যান পাওয়েলও পেয়েছেন উন্নতির পুরস্কার-তালিকায় যথাক্রমে ২৮ ও ৩০ নম্বরে।
ওয়ানডে ক্রিকেটে অবশ্য আলোচনার কেন্দ্র রোহিত শর্মা। ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের অধিনায়ক। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২১ রানের অপরাজিত ইনিংসেই মিলেছে সেই পরিণতি। পেছনে ফেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও সতীর্থ শুভমন গিলকে।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে এখনও রাশিদ খান। দুইয়ে কেশাভ মহারাজ, তিনে মাহিশ থিকশানা, আর তিন ধাপ এগিয়ে চারে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই এক নম্বরে আজমাতউল্লাহ ওমারজাই, ভারতের অক্ষর প্যাটেল চার ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে।
শেষ ওয়ানডের বড় জয়ের পর মাঠে যেমন উচ্ছ্বাস ছিল, র্যাঙ্কিংয়েও তেমনি মিলেছে সাফল্যের ছাপ। সৌম্যের ব্যাটে শুরু, নাসুম-রিশাদের বলে সমাপ্তি-বাংলাদেশের ক্রিকেটে এই উত্থানটাও যেন ঠিক সেরকম এক নিঃশব্দ কিন্তু দৃঢ় প্রত্যাবর্তনের গল্প!