কুমিল্লায় দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় হারুন উর রশিদ নামের একজনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
জানা যায়, শুয়াগাজী বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় চাঁদাবাজরা। তা দিতে অপারগতা প্রকাশ করলে রফিকুলকে রড দিয়ে পিটিয়ে জখম করে তারা। তাকে বাঁচাতে এগিয়ে এলে আরও দুজনকে মারধর করা হয়।
রফিকুল ইসলাম জানান, চাঁদা না দেয়ায় আমার ওপর হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায়। আমাকে বাঁচাতে এলে আরও দুজনকে বেধড়ক মারধর করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, শুয়াগাজী বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে হারুন উর রশিদ নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।