কুমিল্লা মেঘনা উপজেলা সব-রেজিস্টার অফিসটি এখন সাপের দখলে রয়েছে। ফলে অফিসের সকল কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। অফিস স্থানান্তরের দাবী সর্বসাধারণের। মেঘনা উপজেলা সব-রেজিস্টার দপ্তরের প্রধান সহকারী নির্মল বাবু জানান, গত ১৫ দিন আগে রেকর্ড রুমের ভিতরে সাপ দেখার পর স্থানীয় ওঝা কে ডেকে ১০ হাজার টাকা পারিশ্রমিকে একটি সাপ, ২৪টি ডিম ও কয়েকটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। গত রবিবার (২৩ নভেম্বর) অফিসের সহকারী (মোহরা) নাছিমা আক্তার প্রয়োজনীয় কাজে রেকর্ড রুমে ডুকেই এক বিশাল আকৃতির সাপ দেখে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। গতকাল সোমবার সকালে অফিসের ভিতরে একই অবস্থায় সাপ ঘুরাফেরা করতে দেখা গেলে তাৎক্ষণিক জেলা রেজিস্টারকে বিষয়টি অবগত করলে, তিনি সাব-রেজিস্টার অফিসের সকল কাজ সমায়িক বন্ধ রাখতে নির্দেশ দেন। এবিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগামীকাল মঙ্গলবার সাপ উদ্ধারের জন্য ওঝা নিয়ে আসবো। আগেও ১০ হাজার টাকার বিনিময়ে বড় একটা সাপ, সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে। এতে ভয়ের কিছু নাই।
প্রবীন দলিল লেখক ইদ্রিস আলী, শওকত আলী বলেন, আমরা ভয়ে আছি কখন যে কি হয়, বলা যায় না। অফিসের পাশেই গরুর খামারের দূর্গন্ত,সামান্য বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পরে, এই জরাজীর্ণ অফিসে কাজ কর্ম করতে খুবই সমস্যা। অফিসটি অন্যত্র স্থানান্তর করা জরুরি হয়ে পরেছে বলে জানান তিনি।