কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এই আদেশ স্থগিত করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। এর আগে হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলেন। এরফলে আপিল বিভাগের আদেশের ফলে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন আয়োজনের পথ পরিষ্কার হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, আপিল বিভাগের এ সিদ্ধান্তে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা ও সিদ্ধান্ত বহাল থাকল এবং নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনি বাধা রইল না।