দীর্ঘদিন পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজবাসা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত।
অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।