অক্টোবরে বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের আভাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

অক্টোবর মাসে দেশে বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এ মাসে সাগরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস অক্টোবর মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য সভা করে এই পূর্বাভাস দেওয়া হয়।

মাসব্যাপী এই পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

এছাড়া এ মাসে সারাদেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে।

মাসব্যাপী এই পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, আগামী ১৫ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেবে। ফলে বজ্রপাত ও বজ্রবৃষ্টির শঙ্কা আছে। সাধারণত মৌসুম শেষ হওয়ার পর সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকে।