আজ রোববার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূবনঘর গ্রামে আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ ফাউন্ডেশনের সভাপতি মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. শাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূর জাহান আক্তার। ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আশরাফ ফাউন্ডেশনের সহ-সভাপতি মনিরুল আলম, উপদেষ্টা মো. আব্দুল করিম ও মো. আব্দুল হান্নান প্রমুখ। এ সময় ভূবনঘর গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজান উপলক্ষে আশরাফ ফাউন্ডেশন অফ কুমিল্লার পক্ষ থেকে দেড় শতাধিক নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, আশরাফ ফাউন্ডেশন অফ কুমিল্লা ১৯৯৬ সালের ৩০ মে প্রয়াত জহিরুল ইসলাম তার বাবা বিশিষ্ট সমাজসেবক আলী আশরাফের নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়। প্রতি বছর ঈদ উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. শাহিদুর রহমান বলেন, “সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। আশরাফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে মানবিক কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান বলেন, “সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশরাফ ফাউন্ডেশন মানুষের কল্যাণে যে কাজ করে যাচ্ছে তা অন্যদের জন্যও অনুকরণীয়।”