প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীরা এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন নিহত তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এর পর বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারাল অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসান বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউ ছাড় পাবে না।