তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তন ও সামাজিক সচেতনতায় ভূমিকা রাখতে ২০১৫ সালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (বাইসো)। প্রতিষ্ঠার এক দশকেরও কম সময়ের মধ্যে সংগঠনটি দেশের ২৪টি জেলায় সাংগঠনিক ইউনিট গড়ে তুলেছে। কুমিল্লা জেলায় সংগঠনটির রয়েছে ৭টি উপজেলা ইউনিট এবং একটি কলেজভিত্তিক ইউনিট। প্রতিবছর জুলাই মাসে বাইসোর সব ইউনিটে এক বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়, যার ধারাবাহিকতায় এবার কুমিল্লা জেলা ইউনিটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তাসনিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাবেয়া আক্তার স্বর্ণা।
নতুন এই নেতৃত্ব নির্বাচিত হয়েছে বাইসো কুমিল্লা জেলার সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে। এ ছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, যোগাযোগ সম্পাদক, প্রচার সম্পাদকসহ সাতটি গুরুত্বপূর্ণ পদের জন্য মোট ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গঠিত নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এই মেয়াদে তারা কুমিল্লাসহ বাইসোর বিভিন্ন শাখায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নেতৃত্ব বিকাশে নিরন্তর কাজ করবে। বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, সচেতনতামূলক ক্যাম্পেইন ও যুব নেতৃত্ব উন্নয়নের মতো বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।
সংগঠন সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি তাসনিম আহমেদ এবং সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার স্বর্ণা উভয়েই দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তাঁদের নেতৃত্বে সংগঠনটি আরও বেশি তরুণবান্ধব, সক্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যেও দেখা গেছে তরুণ, উদ্যমী ও সমাজসেবায় আন্তরিকভাবে আগ্রহী নতুন মুখ। বাইসো নেতারা মনে করছেন, এই কমিটি সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।
তরুণদের অংশগ্রহণমূলক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে তরুণদের সম্ভাবনা ও নেতৃত্বের উৎকর্ষ তুলে ধরার একটি উজ্জ্বল অধ্যায় রচনা করবে, এমনটাই প্রত্যাশা সংগঠনের শুভানুধ্যায়ীদের।