কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা ছাত্রদলের একাংশ।
ছাত্রদল নেতা সোলাইমান বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি, মেঘনা উপজেলা পরিষদের বিগত স্বৈরাচার হাসিনার প্রেতাত্মা বাহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামে এখনো তাদের চেয়ার দখল করে আছেন। যারা এখনো ইউনিয়ন ভিত্তিক নৈরাজ্য করার চেষ্টা করছেন। সেই ইউনিয়নের চেয়ারম্যানরা নবাগত ইউএনওর সঙ্গে এক ধরণের পাঁয়তারা ও নৈরাজ্য সৃষ্টি করার প্লান করছে। সেই তৎপরতার প্রতিবাদে আমরা উপজেলা পরিষদে এসেছি এবং ইউএনওর সঙ্গে কথা বলেছি।
তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের এই উপজেলায় কোনো স্থান নেই।
ছাত্রনেতার এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হলে, এ নিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সোশ্যাল মিডিয়াসহ ইউনিয়ন পরিষদগুলোতে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান। এ সময় ছাত্রদলের সমর্থক ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।