যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশ: ১ বছর আগে

‘অপারেশন ডেভিল হান্টে’ নতুন করে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনে সারা দেশে এই অভিযানে মোট ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হলো। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় ‘অপারেশন ডেভিল হান্টের’ সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।