কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুই আদালতে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, মামলার চার্জশিট আদালত গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে জুভেনাইল কোর্টে। অপর দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। রাষ্ট্রপক্ষও আইন অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে মামলার চার্জ গঠন হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।