অসুস্থতা ও নিরাপত্তাহীনতায় বিপর্যস্ত মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ, দোয়া প্রার্থনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

 কুমিল্লার সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতার পাশাপাশি তিনি নিরাপত্তাহীনতা, আর্থিক সংকট এবং মানসিক চাপের মধ্যেও দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। মওদুদ আব্দুল্লাহর দাবি, গত কয়েক বছরে তিনি একাধিকবার সশস্ত্র হামলা, অপহরণের চেষ্টা, সাইবার হামলা, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ডিভাইস চুরি এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে লক্ষ্য করে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে আসছে। এমনকি তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে খাবারের সঙ্গে রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে স্টমাক ওয়াশ করাতে হয়। এরপর থেকেই তার শারীরিক জটিলতা আরও বাড়তে থাকে। বর্তমানে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং নিয়মিত অক্সিজেন নিতে হচ্ছে বলে জানান। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায়ই তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার পাকস্থলীর সমস্যা, উচ্চ রক্তচাপসহ আরও কয়েকটি শারীরিক জটিলতা ধরা পড়েছে। চিকিৎসাকালীন সময়ে কয়েকজন চিকিৎসক তার শ্বাসনালিতে কোনো ধরনের সমস্যা বা ক্ষুদ্র ছিদ্র থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন বলে তিনি জানান। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। মওদুদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। চিকিৎসা, জীবনযাপন এবং পেশাগত কার্যক্রম পরিচালনা করা তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি তার শ্বাসনালির জটিলতা আরও গুরুতর আকার ধারণ করে, তাহলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে। তিনি আরও জানান, বিভিন্ন ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি), এফআইআর এবং মামলার আবেদন করা হলেও কাঙ্ক্ষিত নিরাপত্তা পাচ্ছেন না। তার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময় অভিযান পরিচালনার তথ্য থাকলেও তিনি এখনও নিজেকে ঝুঁকিমুক্ত মনে করছেন না। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় থাকা এই সাংবাদিক দেশবাসীর কাছে নিজের সুস্থতা ও দ্রুত রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে যারা তাকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও সবার কাছে দোয়া কামনা করেছেন।