হলগুলোতে প্যানেল দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ভিপি প্রার্থী আব্দুল কাদের ইত্তেফাককে বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সুরাহা হয়নি। অনেক শিক্ষার্থীই আবার হল পর্যায়ে ছাত্র রাজনীতি চায় না। সবকিছু মিলিয়ে আমরা হলগুলোতে প্যানেল ঘোষণা করিনি। তবে হলগুলোতে আমাদের কর্মী রয়েছে। যারা নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে করেছে, আমরা তাদের সমর্থন দিয়েছি।
ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, হলগুলোতে আমাদের কোনো প্যানেল নেই। আমাদের কর্মীরা যারা হলগুলোতে রয়েছে এবং নির্বাচনের অংশগ্রহণ করছে, তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তারা সেখানে তাদের সুবিধা অনুসারে নির্বাচনি প্রচারণা করছেন।
আবিদুল ইসলাম বলেন, যদি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চান তাহলে প্রশাসনের অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রে মূল যে উদ্দেশ্য ছিল, সেখানে লেখা ছিল, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করাই ডাকসুর অন্যতম প্রধান উদ্দেশ্য। ৫ আগস্ট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটা কারা জেনারালাইজেশন করার চেষ্টা করেছিল, কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকারদের ছবি টানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে, কারা ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে, কারা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজ্যাকার বলেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে কারা আমাদের জাতীয় সংগীতকে অবমাননা করেছে তা সবাই জানে।
এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসমূহ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল কমিটির গত ২৪ আগস্ট ২০২৫ তারিখের সভায় জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
