প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি চাঁদপুর মেডিকেল কলেজ। স্থায়ী ক্যাম্পাস, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসন ও নিজস্ব হাসপাতাল-প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সীমাবদ্ধতা। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাশিক্ষার স্বাভাবিক পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর স্থায়ী ক্যাম্পাস ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কবে নাগাদ এসব সংকট কাটবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২০১৮ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৯ সালের ১০ জানুয়ারি। প্রতিষ্ঠার পর থেকেই চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ভবনে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। নিজস্ব হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত এ হাসপাতালকে অস্থায়ীভাবে মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। তবে দীর্ঘ সময়েও নিজস্ব ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা না হওয়ায় নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোচ্ছে শিক্ষাকার্যক্রম।
কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস না থাকায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মাত্র ১৩টি কক্ষ নিয়ে শুরু হয়েছিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সময়ের সঙ্গে শিক্ষার্থী ও কার্যক্রমের পরিধি বাড়লেও অবকাঠামোগত সংকট কাটেনি। শিক্ষার্থীদের পাঠদান, ব্যবহারিক ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এখনো নির্ভর করতে হচ্ছে অস্থায়ী ও ভাড়া করা ভবনের ওপর।
শিক্ষার্থী সংখ্যার দিক থেকেও বেড়েছে প্রতিষ্ঠানটির পরিধি। কলেজের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২-২৩ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৩১৩ জন এমবিবিএস শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। ২০২৩-২৪ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৭৫ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তির অনুমোদিত আসন আবার ৫০ জনে নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাও এখনো অস্থায়ী। ছাত্রীদের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক কোয়ার্টারের খালি ইউনিট ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, ছাত্রদের জন্য ভাড়া করা আবাসনে থাকার ব্যবস্থা রয়েছে। নতুন ছাত্রী হোস্টেলের জন্য অতিরিক্ত আবাসন ভাড়া নেওয়া হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও এখনো প্রক্রিয়াধীন। এ ছাড়া প্রায় আট হাজার বর্গফুটের একটি একাডেমিক ভবন ভাড়া নিয়ে সেখানে বেসিক সায়েন্স বিভাগের কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। ফলে প্রয়োজনীয় শিক্ষা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে প্রতিনিয়ত অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও চাঁদপুর মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে না ওঠা সংশ্লিষ্টদের জন্য যেমন হতাশার, তেমনি মানসম্মত চিকিৎসাশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। এখন শিক্ষার্থী ও স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প অনুমোদন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই যেন উন্নয়ন কার্যক্রম সীমাবদ্ধ না থাকে। দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে স্থায়ী ক্যাম্পাস, আবাসিক হল, আধুনিক ল্যাবরেটরি ও নিজস্ব হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে। তবেই আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসেবে গড়ে উঠতে পারে চাঁদপুর মেডিকেল কলেজ।
এদিকে, চাঁদপুর শহরতলির ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর তীরে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ, প্রশাসনিক জটিলতা ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপ পেরিয়ে দীর্ঘদিনেও মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ আট বছর পর প্রকল্প এলাকায় কিছুটা দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রকল্প এলাকার সাইনবোর্ড স্থাপন এবং অবকাঠামো উন্নয়নকাজের প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তবে দীর্ঘদিনের সংকটের বাস্তব চিত্র উঠে এসেছে শিক্ষার্থীদের বক্তব্যে। চাঁদপুর মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ডা. মুজাহিদ বলেন, আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হই, তখন আমাদের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল একটি বড় ও আধুনিক স্থায়ী ক্যাম্পাসে পড়াশোনা করার সুযোগ পাব। কিন্তু দুঃখজনকভাবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানা সমস্যা ও সংকটের মধ্য দিয়ে আমাদের শিক্ষাজীবন পার করতে হয়েছে। শুধু স্থায়ী ক্যাম্পাসের অভাবই নয়, হলরুম, খেলার মাঠ, প্রয়োজনীয় জনবল ও শিক্ষক সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। এসব প্রতিকূলতা ও নানা সংগ্রামের মধ্য দিয়েই আজ আমরা ইন্টার্ন চিকিৎসক হিসেবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যোগদান করেছি।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা, পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের যেন এ ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে না হয়। বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীরা যেন দ্রুত একটি স্থায়ী ক্যাম্পাস পায়, যেখানে নির্বিঘ্নে পড়াশোনা ও চিকিৎসাশিক্ষার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। পাশাপাশি আমাদেরও প্রত্যাশা, জীবদ্দশায় যেন চাঁদপুর মেডিকেল কলেজের সেই স্থায়ী ক্যাম্পাস বাস্তবে দেখে যেতে পারি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের জন্য নিজস্ব ক্যাম্পাস, আধুনিক শ্রেণিকক্ষ, পর্যাপ্ত ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক হল ও খেলার মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এসব সুবিধার অভাবে নিয়মিত পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও স্বাভাবিক শিক্ষাজীবন নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে। বিশেষ করে আবাসন সংকট ও পর্যাপ্ত জায়গার অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ দৃশ্যমান করার দাবি জানান তারা। প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলেও মনে করেন তাঁরা।
চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, চলতি বছরের শেষ দিকে মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘদিনের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে।
অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চাঁদপুর মেডিকেল কলেজে মোট ৩৪৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এর মধ্যে ছাত্র ১৬১ জন এবং ছাত্রী ২১৭ জন। নিজস্ব আবাসন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ভাড়া করা ভবনে থাকতে হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজের প্রকল্প বাস্তবায়িত হলে এ সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষক ও কর্মচারী সংকটের বিষয়ে অধ্যক্ষ বলেন, চাঁদপুর মেডিকেল কলেজে শিক্ষক-কর্মচারী মিলিয়ে অনুমোদিত পদ রয়েছে ১০৯টি। এর মধ্যে কর্মরত শিক্ষক রয়েছেন ৬২ জন। তাদের মধ্যে ২৪ জন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংযুক্তিতে (ওএসডি) কর্মরত রয়েছেন।
অন্যদিকে, কর্মচারীদের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন এবং ১৭টি পদ শূন্য রয়েছে। তবে শিক্ষক সংকটের কারণে বর্তমানে পাঠদান কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, প্রতিটি বিভাগে অধ্যাপক ও সহকারী অধ্যাপক রয়েছেন।
ব্যবহারিক শিক্ষার সীমাবদ্ধতার কথা স্বীকার করে অধ্যক্ষ বলেন, স্থায়ী ক্যাম্পাস না থাকায় প্র্যাকটিক্যাল ক্লাস পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি পর্যাপ্ত থাকলেও অবকাঠামোগত সংকটের কারণে ছোট ছোট কক্ষে ক্লাস ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। অন্যদিকে, ইন্টার্ন চিকিৎসকরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। তাদের জন্যও সবচেয়ে বড় সমস্যা আবাসন সংকট।
তিনি আরও বলেন, ইতোমধ্যে চাঁদপুর মেডিকেল কলেজ থেকে তিনটি ব্যাচের শিক্ষার্থীরা চিকিৎসক হিসেবে বের হয়েছেন। এখানকার শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন। দ্রুত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের শূন্য পদগুলো পূরণ হবে বলে আশা করছি। এতে মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল হবে।