জাতীয়করণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নসহ মোট ৫ দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। এরপর পল্টন থেকে প্রেস ক্লাবগামী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুর বিকেল ৩টার পর প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষকরা। এসময় আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধিদলের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করেন।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম অন্তত সৌজন্যমূলক আচরণ পাবো। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অসম্মানজনক আচরণ করেছেন, যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।’