আমাদের কুমিল্লার সাবেক কম্পিউটার অপারেটর শাহ আলম আর নেই

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৬ মাস আগে

এক সময়কার কুমিল্লার জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লার সাবেক কম্পিউটার অপারেটর শাহ আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন শাহ আলম। পরবর্তীতে জ্বর কিছুতেই না কমায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি।
শাহ আলম ফেনীর ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভী বাড়ীর মো. বাহার মিয়ার ছেলে। তিনি শাহ আলম হুজুর নামেও পরিচিত ছিলেন নিজ এলাকায়।
দৈনিক আমাদের কুমিল্লা সূত্রে জানা যায়, শাহ আলম ২০১৪ সাল থেকে দৈনিক আমাদের কুমিল্লায় কম্পিউটার অপারেটর হিসেবে নিযুক্ত ছিলেন। এর মধ্যে একটি কোচিং সেন্টারও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কিন্তু লোকসানের কারণে পরবর্তীতে সেই কোচিং সেন্টারটি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। পরবর্তীতে ২০২৩ সালে দৈনিক আমাদের কুমিল্লা ছেড়ে কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুরে একটি এনিমেল হেলথ কেয়ারে চাকরি করতেন শাহ আলম।
উল্লেখ্য, মৃত্যুকালে শাহ আলম দুই কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শাহ আলমের অকাল মৃত্যুতে পুরো পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ :
দৈনিক আমাদের কুমিল্লার সাবেক কম্পিউটার অপারেটর শাহ আলমের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান।