দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দলের কোনো নেতা-কর্মী মিজানুর রহমানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে অন্য যেকোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।