আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শাহজালালের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে বসানো হচ্ছে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা। পাশাপাশি ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আসলে কার, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা দেখে পুলিশ, আর প্রবেশপথে থাকে এপিবিএন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।

সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।