স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরাইলের কার্যকলাপের কারণে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কাস পার্টির নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘ইসরাইল আন্তর্জাতিক কোনো প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি ধোয়া-মোছা চালিয়ে যেতে পারে না।
স্পেনের এই প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর রাশিয়ার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল, ইসরাইলের সঙ্গেও একইভাবে আচরণ করা উচিত। গত রোববার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর স্পেনের প্রধানমন্ত্রীকে ‘লজ্জাজনক’ বলে অবিহিত করেন এবং অভিযোগ করেন যে তিনি মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ উসকে দিয়েছেন। এই বিক্ষোভের কারণে ভুয়েলতা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ ধাপ বাতিল করতে হয়, যেখানে একটি ইসরায়েলি দল অংশ নিচ্ছিল।
ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী অস্কার লোপেজ বলেন, ‘হাজার হাজার মানুষ যখন এই গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামে, আমার কাছে এটা স্বস্তির। কারণ এটা গণহত্যা, এর অন্য কোনো নাম নেই। তথ্যসূত্র- সময়নিউজ। আমাদেরসময় ডটকম