জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ব গণঅধিকার পরিষদ জোট করবে—এমন সংবাদ শতভাগ মিথ্যা বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক।’
তিনি আরও বলেন, ‘কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোন পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম।’