“শেখ হাসিনা পালানোর পর এই সরকার গঠনের পর যারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ছিল, এ দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। জনগণ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ দেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ডা. তাহের বলেন, “আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব। কুমিল্লা-১১ আসনের মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীদের মর্যাদা ও মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। সমাজের সুধীজন, শ্রমজীবী মানুষ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”
নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হলো—এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত এবং বিএনপি কার্যত একা হয়ে পড়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই চেতনাকে ধারণকারী এনসিপি, এবি পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের প্রত্যাশা এবারের নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে তাদের রায় দেবে।”
এ সময় ডা. তাহের চৌদ্দগ্রামবাসীকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, কুমিল্লা-১১ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা।