কুমিল্লা নগরীতে “ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) নগরীর রাণীরবাজারে জামিয়া রশীদিয়া আযীযুল উলূম মাদ্রাসার দাওয়াহ বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়৷
এ দিন সকাল ৯ টায় শুরু হয়ে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত চলা এ সেমিনারে সম্প্রতি প্রকাশিত নারী সংস্কার কমিশনের কুরআন-হাদীস বিরোধী প্রতিবেদন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এসময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নূরুল হক। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন গবেষক আলেম ও লেখক মাওলানা শরীফ মুহাম্মদ।
সেমিনারের সভাপতিত্ব করেন রাণীরবাজার মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুনির হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।
সেমিনারে আলোচকরা বলেন, ইসলাম নারীকে যে সম্মান ও অধিকার দিয়েছে তা মানবসভ্যতার ইতিহাসে বিরল। নারীর মুক্তি, মর্যাদা ও সাফল্য কেবলমাত্র ইসলামের পরিপূর্ণ দিকনির্দেশনার মধ্যেই নিহিত রয়েছে। তারা বলেন, ধর্মীয় অনুশাসন ও সামাজিক ভারসাম্যকে উপেক্ষা করে যেকোনো নারীনীতির খসড়া গ্রহণযোগ্য হতে পারে না। বক্তারা বিতর্কিত প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বীকৃত ইসলামি চিন্তাবিদ ও সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ নতুন নীতি প্রণয়ন করা প্রয়োজন।
সেমিনারটি সঞ্চালনা করেন জামিয়া রশীদিয়া আযীযুল উলূম-এর শিক্ষাসচিব মুফতী শোয়াইব কাসেমী। এতে আরও উপস্থিত ছিলেন কাসেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, রাণীরবাজার মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুল বারী, নায়েবে মুহতামিম মাওলানা নোমান আহমদ, মাওলানা মুফীজুল ইসলাম, মুফতী মুহিব্বুল্লাহ ক্বাসেমী, মুফতী জিয়াউদ্দিন, মাওলানা ফাহিম আহমদ আজহারী, মাওলানা সাখাওয়াত রাহাত, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা হাসান আব্দুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শাহজালাল ও মাওলানা মোবারক কারীমসহ বহু আলেম-ওলামা ও ছাত্ররা।
সেমিনারটি উপস্থিত সকলের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে নারীর মর্যাদা ও সামাজিক কাঠামোর গুরুত্ব নিয়ে নতুনভাবে ভাবনার দরজা খুলে দেয়।