কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিয মাদরাসার অফিস উদ্বোধন  

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিয মাদরাসার নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে আদর্শ সদর উপজেলার দৌলতপুরে ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোডের মাদরাসাটির কুমিল্লা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বিত শিক্ষাক্রমের মাধ্যমে কোরআন হিফজের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত সাধারণ শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে কুমিল্লায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা ও মাদরাসা বোর্ডে শীর্ষস্থান অর্জনের জন্য পরিচিত প্রতিষ্ঠানটির এ উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিয মাদরাসার কুমিল্লা শাখার চেয়ারম্যান শাহ মো. ওলিউর রহমান চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইফতেখারুল আলম ভুঁইয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাউসার আলম ভুঁইয়া, একবালিয়া মাদরাসার প্রভাষক হাবিবুর রহমান আল ফরিদী, লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের কুমিল্লা জেলা সভাপতি আরিফুল ইসলাম টুকু, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরফুদ্দীন আল হোসাইনী, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার রাশেদুল হক রাসেল এবং বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম ফয়সাল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ইমরান হোসাইন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য, মতবিনিময় এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। এতে কোরআনভিত্তিক শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সন্তানদের কোরআনের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষায় শিক্ষিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো সম্ভব। তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিয মাদরাসার এ উদ্যোগ কুমিল্লার শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

বক্তারা আরও বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের পাঠদানেই সীমাবদ্ধ থাকে না, বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

আলোচনা শেষে মাদরাসার সার্বিক সাফল্য, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।