কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

জাহিদ হাসান নাইম
প্রকাশ: ২০ ঘন্টা আগে

 

ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাপ্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

 

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে জনগণের কাছে আরও সহজভাবে তুলে ধরা এবং সেবাগ্রহীতাদের সরাসরি সহায়তা প্রদানই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ মে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সময়ে দেশের সব উপজেলাতেও একযোগে ভূমিসেবা মেলা আয়োজন করা হবে।

 

ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

আয়োজকরা জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য ও অভিযোগের জন্য হটলাইন ১৬১২২ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের ডিজিটাল ভূমিসেবার আওতায় আনাই মেলার অন্যতম উদ্দেশ্য। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” সফটওয়্যারের মাধ্যমে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা সরবরাহ, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি এবং হটলাইন সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ভূমি অফিস ও ১৭২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নাগরিকরা এসব ডিজিটাল সেবা গ্রহণ করছেন। মেলায় আগত সেবাগ্রহীতারা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের সরাসরি উত্তরও দেওয়া হবে।

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও নাগরিক সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাশিয়াত আকতার, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।