কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ভূমি অফিসকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বিগত তিন দিন ধরে একটি টেলিভিশন চ্যানেলসহ একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে এই ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ প্রেক্ষিতে বুধবার সকালে স্থানীয় সচেতন নাগরিকরা দুর্গাপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসের সামনে সমবেত হয়ে এসব সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এলাকাবাসীর দাবি, এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত নন।
তারা জানান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজ দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি বিধি ও আইন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে আসছেন। তবে কিছু অসাধু ব্যক্তি অন্যায় সুবিধা না পেয়ে তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, একটি যৌথ পরিবারের খারিজ সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন থাকলেও সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, একটি ভূমি সিন্ডিকেট এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত থাকতে পারে।
এছাড়া, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তারা। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন এলাকাবাসী।
এলাকাবাসী দ্রুত এসব মিথ্যা সংবাদের সঠিক তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিবেদক:
১. আঃ অহিদ, গ্রাম কৃষ্ণনগর
২. পেয়ার আহাম্মদ টাক্কা, আড়াইওরা
৩. ইউনুছ মিয়া, গ্রাম দুর্গাপুর
৪. আক্তার হোসেন, গ্রাম ভোলানগর
৫. আবুল হোসেন, গ্রাম ভোলানগর
আদর্শ সদর, কুমিল্লা