ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তাঁর স্বামী চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাজী আবদুল্লাহ মো. জোবায়ের নগরীর ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। এ সময় অজ্ঞাতপরিচয় তিন যুবক কনস্টেবল জাকিয়া সুলতানাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। এতে জাকিয়ার স্বামী কনস্টেবল জোবায়ের প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামসুল আলম শাহ সমকালকে জানান, এ ঘটনার পর ডিবি ও থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে মহানগরীতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়।