কুমিল্লা আওয়ার লেডি হাই স্কুলের সামনে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটেকে বেঁধে পিটুনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুমিল্লা নগরীর আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে ইমরান হোসেন রুবেল (২৮) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে অভিভাবকরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে। আটক রুবেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকের হেলপার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা যখন প্রধান ফটক দিয়ে বের হচ্ছিল, তখন রুবেল এক ছাত্রীর গায়ে হাত দিয়ে উত্ত্যক্ত করে। বিষয়টি উপস্থিত অভিভাবকদের নজরে এলে তারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা রুবেলকে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। ঘটনার সময় অনেকে মুঠোফোনে ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।