কুমিল্লা নগরীতে যানজট নিরসনে ‘মানবিক কুমিল্লা’র স্বেচ্ছাসেবী কার্যক্রম

হৃদয় হাসান ।।
প্রকাশ: ১১ মাস আগে

 

কুমিল্লা নগরীর দীর্ঘদিনের ভোগান্তির নাম যানজট। এই সমস্যা লাঘবে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘মানবিক কুমিল্লা’। ট্রাফিক পুলিশ, কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে স্বেচ্ছাসেবী কার্যক্রম, যার মূল লক্ষ্য শহরের প্রধান পয়েন্টগুলোতে যানজট নিরসনে সহায়তা করা।

বুধবার সকালে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম। কর্মসূচির উদ্বোধনী দিনে ট্রাফিক পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তারা ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং এর উন্নয়নের পথ নিয়ে আলোচনা করেন, পাশাপাশি স্বেচ্ছাসেবীদের কার্যকর ভূমিকার বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় ট্রাফিক পুলিশের টিআই শাহজান ছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াজ, ছাত্রদল নেতা সোলেমান মুন্সি এবং বিএনপির মহানগর ও দক্ষিণ জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ জানান, এই কার্যক্রম শুধুমাত্র একদিনের জন্য নয়; বরং এটি একটি চলমান উদ্যোগ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিতভাবে কার্যকর হবে। তারা বলেন, “যেখানেই যানজট, সেখানেই মানবিক কুমিল্লা কাজ করবে।” এই টিম শহরের যত্রতত্র গাড়ি পার্কিং, রিকশার অযথা দাঁড়িয়ে থাকা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা জায়গাগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে কাজ করবে।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরেই কুমিল্লা শহরে যানজট ছিল একটি বড় সমস্যা। তবে রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ পদক্ষেপে যদি এই সমস্যা নিরসনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়, তাহলে এটি শহরের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা হবে।

নগরবাসীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শুধু কয়েকদিনের মধ্যে থেমে যাবে না। বরং এটি যেন একটি স্থায়ী কর্মসূচি হিসেবে গড়ে ওঠে, যেখানে শহরের প্রতিটি নাগরিকের সহায়তা ও সচেতনতা থাকবে। মানবিক কুমিল্লার এই ব্যতিক্রমী পদক্ষেপ নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত—যেখানে রাজনীতি ছাড়িয়ে এসে নাগরিক সেবায় একত্র হয়েছে সমাজের সক্রিয় অংশগ্রহণকারীরা।