কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান, সেক্রেটারি ডা. কাজী আকিব আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখার নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নাজমুল হাসান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং নবনির্বাচিত সভাপতির মনোনয়নের ভিত্তিতে ডা. কাজী আকিব আব্দুল্লাহকে শাখা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ উপলক্ষে কুমিল্লা মহানগর শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সমাবেশে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত নাজমুল হাসানকে কুমিল্লা মহানগর শাখার সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান শাখার সেক্রেটারি হিসেবে ডা. কাজী আকিব আব্দুল্লাহকে মনোনীত করেন। এ ঘোষণার মাধ্যমে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।