কৃষিজমির মাটি কাটায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ১ লাখ টাকা এবং ড্রেজার মেশিনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।