গজারিয়ায় সম্পত্তি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪,থানায় পাল্টাপাল্টি অভিযোগ

 মাসুদ আহমেদ, গজারিয়া।।
প্রকাশ: ৩ ঘন্টা আগে

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারধর ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া পশ্চিমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মৃত হাজী আব্দুল করিমের ছেলে রুহুল আমিন ওরফে রেনু মিয়া, রেনু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইয়াসমিন, রুনা আক্তার ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রুহুল আমিনের বড় ভাই হানিফ বেপারী, তাঁর ছেলে দেলোয়ার হোসেন ও ওসমান গনি এবং মেয়ে সাবিনাসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালান। এ সময় মারধরের পাশাপাশি দোকানঘর ভাঙচুর ও মালামালের ক্ষতিসাধন করা হয়।
অভিযোগকারী ইয়াছমিন আক্তারের দাবি, এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ সময় অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের উপর রান্দা দিয়ে আঘাত করতে এসেছিলেন আমাকে বাঁচাতে গেলে আত্মরক্ষার্থে তাদের উপর আঘাত করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ কায়সার আহামেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।