গাইবান্ধায় বিদ্যুৎপৃষ্টে আবদুল মান্নান শেখ ( ৬০) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। আবদুল মান্নান শেখ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাগলডোপ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা শহরের রমেশ ঘোষ নামে একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের সার্কুলার রোডস্থ রমেশ ঘোষ হোটেলে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
হোটেলটির ব্যবস্থাপক বাদল ঘোষ চন্দ্র জানান, আবদুল মান্নান শেখ দীর্ঘদিন থেকে এ হোটেলে শ্রমিকের কাজ করেন। সকাল থেকেই শহরের গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। হোটেলের পিছনে পরিত্যাক্ত জায়গা রয়েছে। যা টিন সেড দিয়ে ঘেড়া। বৃষ্টির কারণে ওপর থেকে বিদ্যুতের তার ছিড়ে ওই টিনসেডে লেগেছিল। বিকালে প্রকৃতির ডাকে সারা দিতে মান্নান শেখ ওই টিনসেড এলাকায় গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় আশেপাশেরর লোক এসে মান্নান শেখকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।