চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ৭ ঘন্টা আগে

চাঁদপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরিচালিত অভিযানে কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ৩৫ জন, মতলব উত্তরে ৫৩ জন, মতলব দক্ষিণে ৩৭ জন, ফরিদগঞ্জে ৪১ জন, শাহরাস্তিতে ৪৫ জন, কচুয়াতে ৬২ জন, হাজীগঞ্জে ৩৭ জন ও হাইমচরে ৪৮ জনসহ মোট ৩৫৮ জনকে আটক করা হয়। এছাড়া ডিবির অভিযানে আরও ১২ জনকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, আটকদের মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলাবস্থায় কিশোরদের পাওয়া যায়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের ক্ষেত্রে অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় কাউন্সেলিং ও মুচলেকা গ্রহণের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, মাদকের স্পট, অন্ধকার ও নির্জন স্থানে সন্দেহজনক আড্ডা, ইভটিজিং, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য সতর্ক করা হচ্ছে। কোনো শিক্ষার্থী বা তরুণকে অযথা হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। বরং কিশোর-তরুণদের অপরাধ থেকে দূরে রেখে মতলব এলাকায় একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরে সবগুলো থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোরদের আটক করা হয়। এর মধ্যে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি কিশোরদের পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।