চান্দিনায় গভীর রাতে বাজারে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। দোকান থেকে কোনো কিছুই বের করার সুযোগ পাননি। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অসহায়ের মতো দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। ফায়ার সার্ভিস সময় মতো না এলে হয়ত ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেত।

চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান জানান, যে বাজারে আগুন লেগেছে, সেই স্থানটি আমাদের স্টেশন থেকে অনেক দূরে অবস্থিত। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস টিমকে অবহিত করা হয়। তারা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।