এই সিরিজ হওয়ার কথা ছিল আরও বছর খানেক আগে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে বারবার। নতুন সূচিতে এ বছরের সেপ্টেম্বরে সফরটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা-ও হয়নি। এখন আলোচনা চলছে আগামী জানুয়ারিতে সিরিজ আয়োজনের।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভার ফাঁকে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও সফর নিয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি তিনি।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’
এদিকে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও শুভমান গিলরা। ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালে।