জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

জুলাই অভ্যুত্থান চলাকালীন সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসার ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা প্রভাষক রাশেদুল ইসলাম ভুইয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে গোপনাথপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম এনায়েতপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, খামারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক ও গোপিনাথপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগষ্ট এনায়েতপুর থানার সামনে হাফেজ সিয়াম নামে এক ছাত্র নিহত হয়। এ ঘটনায় একই বছরের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫শ থেকে ৭শ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।