টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ মার্চের ভাষণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ঘন্টা আগে

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাতটি স্থানে অবরোধ অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খালেক (নীলফা) বাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ করা হয়।

অবরোধের স্থানগুলো হলো নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়।

নীলফা বাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।

এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফা বাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।