ডাকাতির ঘটনায় দুই জন গ্রেপ্তার

নাটোর-রাজশাহী কলকারখানায় ডাকাতির ঘটনায় চক্রের দুই সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

গত ৭ আগস্ট রাজশাহীর দেশ কোল্ড স্টোরেজে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। যারা নাটোরে সুগার মিলে ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী উপশহর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন সিআইডি রাজশাহীর পুলিশ সুপার এ. এ. এম হুমায়ুন কাবির। তিনি জানান, রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজে ডাকাতরা ঢুকে পাওয়ার হাউজের মূল্যবান যন্ত্রপাতি, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। যেখানে নগদ তিন লাখ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ লাখ টাকার মালামাল ছিল। এ ঘটনায় ৭ আগস্ট মামলা দায়ের হলে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার কর্মকর্তারা মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। এরই অংশ হিসেবে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতির সঙ্গে জড়িত আসামি দু’জনকে শনাক্ত করা হয়।মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. সাজেদুল শেখ (৩৫) এবং মো. রুবেলকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের দুই জনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাদের কাছ থেকে একটি বড় ব্যাটারিসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত যন্ত্রাংশ খোলার মেশিনারিজ ও মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।এ সময় পুলিশ সুপার হুমায়ুন কাবির আরও জানান, সম্প্রতি সারাদেশের বিভিন্ন জেলার ডাকাতরা সংঘবদ্ধ হয়ে ১৩/১৪ জনের একটি দল এসব স্পর্শকাতর স্থাপনা কলকারখানায় ডাকাতি করছে। ডাকাত দলের সদস্যরা নিছকই বেশি অর্থের লোভে পড়ে এই কাজে যুক্ত হচ্ছেন। এদের বেশিরভাগই শ্রমজীবী বলে চিহ্নিত করেন তিনি।তবে দলটির ডাকাত সর্দার এখনও অধরা, তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। চক্রটি মোবাইল ফোনে যোগাযোগের পর সংঘবদ্ধ হয়ে ডাকাতির কাজ করে। কাজ শেষে সিম ও ফোন ফেলে দেয়। এ চক্রটি নাটোর সুগার মিলে ভারি যন্ত্রপাতি ডাকাতির সঙ্গে সরাসরি যুক্ত বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।