কুমিল্লার তিতাস উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জিয়ারকান্দি গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হলে আনুমানিক ৫টার সময় বজ্রপাত সিরাজ মিয়ার একটি সেমিপাকা ও একটি টিনশেড ঘরে আঘাত হানে। মুহূর্তের মধ্যেই ঘরের চালায় আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা নারী-পুরুষ ও শিশুরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি।
পরে দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব মিয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দাউদকান্দি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।”