দিল্লিতে ধসে পড়েছে ৬ তলা ভবন, বহু শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। ভবনটিতে শিক্ষার্থীদের পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটা এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি অবস্থিত সত্য নিকেতন এলাকাটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ধসে পড়া ভবনটি একটি ৭৫ শয্যার পেয়িং গেস্ট বা পিজি হিসেবে ব্যবহৃত হতো। ভবনটির নাম ‘হোস্টেল ডেজ’। এটি মূলত পুরুষ শিক্ষার্থীদের জন্য পরিচালিত হতো।

রোববার ছুটির দিন হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী ভবনের ভেতরেই অবস্থান করছিলেন।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী ভেতরে থাকতে পারেন। ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচাও বাঁচাও আর্তনাদ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর অন্তত ১২টি ইঞ্জিন। ধ্বংসস্তূপ সরিয়ে মানুষ উদ্ধারে এক্সকাভেটর বা ভেকুসহ ভারী যন্ত্রপাতি নামানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা দমন টিমও মোতায়েন করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু সব সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের দুর্নীতিকে দায়ী করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ।

সূত্র: বিবিসি বাংলা, এনডিটিভি