কুমিল্লার কোতয়ালী মডেল থানায় রাষ্ট্র পরিচালিত একাধিক মামলা, আদালতের আদেশ এবং চলমান সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে লিখিত আবেদন করেছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও শিক্ষানবীশ আইনজীবী মওদুদ আবদুল্লাহ শুভ্র।
শনিবার (১৮ জুলাই) কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, সরকার পরিচালিত জিআর-৮৫০/২৪ মামলায় বিজ্ঞ ১ নম্বর আমলি আদালত গত ১৮ ডিসেম্বর ২০২৫ সালের শুনানি শেষে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের ডিআর-১৯৮৪/২৫, ডিআর-৮৩৬/২৫, ডিআর-৭০৪/২৬ এবং সিআর মামলা ৬১৫/২৬-এর বিভিন্ন আদেশের আলোকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে মওদুদ আবদুল্লাহ শুভ্র দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, মানবাধিকার কার্যক্রম, সামাজিক সালিশ এবং আইনগত সহায়তামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন বিরোধ নিষ্পত্তি ও সামাজিক সালিশে আইন ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি স্বার্থান্বেষী চক্র তার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অভিযোগ, সাইবার বুলিং, চাঁদাবাজির চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং একাধিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরি, নন-এফআইআর মামলা, জিআর মামলা, সিআর মামলা এবং সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১, ডিজিএফআই, এনএসআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও লিখিতভাবে অভিযোগ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক হামলা এবং সাইবার মাধ্যমে মানহানিকর অপপ্রচারের তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে আদালত সংশ্লিষ্ট থানাকে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
মওদুদ আবদুল্লাহ শুভ্র তার আবেদনে আরও দাবি করেন, রাষ্ট্র পরিচালিত মামলার কার্যক্রম ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অভিযুক্তরা বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাকে ও তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ছাড়া তার ও পরিবারের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ কারণে তিনি কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়ন, পলাতক আসামিদের গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ, অভিযোগটি যথাযথভাবে রেকর্ডভুক্ত করা এবং তার ও পরিবারের আইনগত নিরাপত্তা ও প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
আবেদনের সঙ্গে তিনি জিআর ও সিআর মামলার নথি, আদালতের আদেশ, বিভিন্ন সাধারণ ডায়েরির অনুলিপি, আইনগত গণবিজ্ঞপ্তি, সাইবার হুমকির স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ সংযুক্ত করেছেন।