নিউইয়র্কের লাগুর্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানাডার মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি ফ্লাইট অবতরণের পরপরই রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে লাগুর্ডিয়া বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের ‘বোম্বারডিয়ার সিআরজে-৯০০’ মডেলের প্লেনটির সঙ্গে একটি ফায়ার ইঞ্জিনের সংঘর্ষ হয়। প্লেনটি অবতরণ করে গেটের দিকে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় অন্তত চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মোট আহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি।
এই দুর্ঘটনার পরপরই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগুর্ডিয়া বিমানবন্দরে সব ধরনের প্লেন ওঠানামা স্থগিত ঘোষণা করেছে। বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে, সব আগত ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, না হয় সেগুলোকে উৎসস্থলে ফেরত পাঠানো হয়েছে।