২০২০-২১ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ৩৩ একর জমির ওপর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে নির্মাণ করা হয় টিনশেড ওয়াল বিশিষ্ট ২৫০টি ঘর। এলাকাটিকে জেলা প্রশাসন ওই সময় ‘স্বপ্ননগর’ আবাসন নামকরণ করা হয়।
স্বপ্ননগরের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৫৫) বলেন, ‘পানি হওয়াতে সব জায়গায় তলায় গেছে। ক্ষেত খামারি যা করছিলাম সব পানির নিচে। দিন না খেয়েও যাচ্ছে, তিনবেলার জায়গায় এক বেলা খাচ্ছি, এখন ঘরে খাটের ওপর বসে থাকা ছাড়া কোনও উপায় নাই। তবে এর ভেতর কেউ খোঁজখবর সরকারিভাবে কেউ নিচ্ছে না।’
ভয়ে আতঙ্কিত থাকতে হয় উল্লেখ করে সেলিনা বেগম নামে এক নারী বলেন, ‘কয়েক দিন আগে একটি সাপ দেখতে পেয়ে ভয়ে সবাই আতঙ্কিত হয়ে যায়। সাপ, পোকামাকড়ের ভয়ে রাতে না ঘুমিয়েও চৌকির ওপর বসে থাকতে হয়।’
দুর্ভোগের কথা উল্লেখ করে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থী মীম খানম ও ফাতেমা খানম। তারা দুই জন স্থানীয় চর কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা বলেন, ‘আমরা অনেক কষ্ট করে স্কুলে যাই। কোনও সময় পানি দিয়ে যাওয়া আসার সময় পড়ে গিয়ে জামা-কাপড় ও বইখাতা ভিজে যায়।’
শিখা বেগম নামে এক বাসিন্দা বলেন, ‘আমার মেয়েডা সামনে এসএসসি পরীক্ষা দেবে। পানি বাড়ার কারণে পড়ালেখায় সমস্যা হয়েছে। প্রায় দুই সপ্তাহ প্রাইভেট পড়তে যেতে পারছে না।’
চর কাতলাসুর গ্রামের বাসিন্দা ও আশ্রয়ণ প্রকল্প এলাকার মুদি দোকানি ফিরোজ মোল্লা বলেন, ‘গত ১০-১৫ বছরের মধ্যে এই এলাকায় এত বন্যা হয়নি। আমার নিজের ঘরে খাটের ওপরও পানি। বউ বাচ্চাদের বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। দোকানে তেমন বেচাকেনা নাই। আমার দোকানেও পানি উঠছে উঠছে ভাব।’
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্লা বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে যারা বসবাস করেন তারা খুব দরিদ্র মানুষ। তারা দিন আনে দিন খায়। তারা সকালে কাজে বের হয়, আর সন্ধ্যায় বাড়ি ফেরেন। সারাদিন তারা বাইরে থাকেন। কিন্তু এখন তারা ঠিকমতো কাজকর্ম যেতে পারছে না।’
এ বিষয়ে গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুতই তালিকাটি শেষ করে উপজেলার সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হবে। তবে সেখানে বসবাসকারীদের খোঁজ খবর রাখছি।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এ প্রসঙ্গে বলেন, ‘স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতার খবর পেয়েছি। মধুমতি নদীতে পানি বৃদ্ধির ফলে সেখানে হাঁটু সমান পানি হয়েছে। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ভুক্তভোগীদের তালিকা করছেন। স্বপ্ননগরের বাসিন্দা ও মধুমতি নদীর ভাঙনে কবলে পড়া বাসিন্দাদের জন্য ৪ মেট্রিক চাল ও নগদ দুই লাখ টাকা সরকারি অনুদান পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে ইনশা আল্লাহ আগামীকাল মঙ্গলবার থেকে চাল ও নগদ অর্থ বিতরণ করা হবে সংশ্লিষ্ট এলাকায়।’
