ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় স্বাগত জানিয়েছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে আর সন্দেহ রইলো না। সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, এবার ভোট হবে সুষ্ঠু ও অবাধ। সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা আজকে তাঁর ভাষণে যে নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে চিঠি প্রদান করবেন বলে তিনি জানিয়েছেন। সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছে। এ ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচন নিয়ে একটি দোদ্যুলমানতা ছিল বলে যারা মনে করছিলেন তাদের মধ্যে সেই দোদ্যুলমানতা আর রইল না। সারা জাতি একটি নির্বাচনী পরিবেশের মধ্যে দিয়ে যাবে। এরআগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন বলে জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’অন্তর্বর্তী সরকার বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব,যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সকল প্রকার সাহায্য-সহযোগিতা প্রদান করব।’এরপরেই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করলেন বিএনপির এই নেতা।