বাংলাদেশকে খেলার কথা বলে মাঠে আসেনি চীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

মাঠ ভেজা থাকায় এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি হয়নি। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তবে এশিয়ান গেমসের উদ্বোধনী দিন অস্বাভাবিক এক ঘটনার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। মাঠ ভেজা থাকায় মূল ম্যাচ খেলতে না পারায় আজ (শনিবার) সকাল ৯টায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল চীন। তাই নির্ধারিত সময়ে মাঠেও পৌঁছায় বাংলাদেশ নারী দল। কিন্তু সেখানে আসেনি চীনের মেয়েরা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘নিয়মিত অনুশীলন ছিলো বাংলাদেশের। ওই সময়ে চীন প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল। বাংলাদেশ রাজি হয়েছিল। কিন্তু মাঠে যাওয়ার পর চীন আসেনি। বাংলাদেশ নিজেদের নির্ধারিত অনুশীলন করে হোটেলে ফিরেছে। ’

ম্যাচটিতে মূলত বাংলাদেশ খেলতে রাজি হয় চীনের আগ্রহেই। কিন্তু সেই চীনই মাঠে আসেনি। এমন ঘটনায় বেশ অবাকই হয়েছে বাংলাদেশ নারী দলের সদস্যরা ও টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল সকাল ১১টায় এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।